স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব না মেনে কেনাবেচা করার অপরাধে ৩০ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয় এবং তাদেরকে মাস্ক দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার কারণে করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





