লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে ছুটি বা লকডাউন ঘোষণার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে সরকার। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে আলোচনায় বিভ্রান্তি তৈরির প্রোপটে গতকাল সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়। তথ্যবিবরণীতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। একটি মহল অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২০ সালের ২৩ মার্চে প্রকাশিত সরকারি ঘোষণার পুরানো ভিডিও ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।





