বিশ্বজয়ী নয় খেলোয়াড় নিয়ে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

লোকসমাজ ডেস্ক॥ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুইবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার শেষ ম্যাচে ৩০ রানে হেরে ২-৩ ব্যবধানে খুইয়েছে সিরিজের শিরোপা। লম্বা ভারত সফরে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সফরকারীদের সামনে। সেই সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে রাখা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের ৯ জন খেলোয়াড়কে। টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়ায় দলে নেই জো রুট এবং ক্রিস ওকস। ইনজুরির কারণে রাখা হয়নি জোফরা আর্চারকে। ইয়ন মরগ্যানের নেতৃত্বে এ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলের তিন খেলোয়াড় জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালানকে। আসন্ন সিরিজটিতে ওয়ানডে অভিষেক হতে পারে লিয়াম লিভিংস্টোনের। এছাড়া সুযোগ পেতে পারেন ২৪ বছর বয়সী লেগস্পিনার ম্যাট পারকিনসনও।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি এবং মার্ক উড।
রিজার্ভ খেলোয়াড়: জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালান।
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে – ২৩ মার্চ, পুনে
দ্বিতীয় ওয়ানডে – ২৬ মার্চ, পুনে
তৃতীয় ওয়ানডে – ২৮ মার্চ, পুনে

ভাগ