স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে তুচ্ছ ঘটনায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানের ওপর হামলা চালিয়ে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার খামারবাড়ি বাজারের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, খামারবাড়ি গ্রামের বাড়িতে ছিলেন মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান। দুপুরের দিকে প্রতিবেশী সাইদুল ইসলামের একটি ছাগল আসে আকতার খানের বাড়িতে। এসময় তিনি ছাগলের গায়ে একগ্লাস পানি ঢেলে তাড়িয়ে দেন। এ ঘটনায় সাইদুলের স্ত্রী আকতার খানের বাড়িতে এসে প্রতিবাদ করেন। আকতার হোসেন খান জানান, বিকেল সাড়ে চারটার দিকে তিনি বাড়ি থেকে বের হন খামারবাড়ি বাজারের উদ্দেশ্যে। পথিমধ্যে সাইদুলের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন এবং বাপ্প্ িখান এসে আকতার খানের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটে করে। এ সময় আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন মারপিটে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, সাইদুল এবং তার ভাইপো বাপ্প্ িমুক্তিযোদ্ধা আকতার খানের সাথে মারামারি করেন। এ সময় তিনি তাদেরকে ঠেকিয়ে দেন। তবে সাইদুলের অভিযোগ ছাগলের গায়ে পানি দেওয়ায় প্রতিবাদ করলে আকতার খান তার স্ত্রীকে গালাগালি করেন। তবে আকতার খান এ অভিযোগ অস্বীকার করেন। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মুক্তিযোদ্ধা আকতার হোসেনের ওপর হামলা ও মারপিটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।



