বাগেরহাট সংবাদদাতা ॥ ভারতের শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের দাবিতে আদালতে রিট করায় বাগেরহাটে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস কাবে যুব ওলামা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ বলেন, ভারতে শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক কুরআনের ২৬টি আয়াত বাতিলের দাবিতে আদালতে রিট করা হয়েছে। এটা স্পষ্টতই কুরআনের অবমাননা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন আমি কুরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাজতকারী। সুতারং কুরআন বিকৃত হওয়ার বা করার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অপচেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে। অবিলম্বে এই রিট আবেদন প্রত্যাহার অথবা আদালত কর্তৃক রিট খারিজ না করলে গণ আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে মাওলানা রমিজ উদ্দিন, জাহিদুল রহমান, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ আরমান হুসাইন, মূসাসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।




