স্টাফ রিপোর্টার ॥ লেখাপড়া শেষে চাকরি পেলেও যোগদান করতে পারলো না তরুণ প্রকৌশলী সাদ্দাম হোসেন রুবেল (৩০)। বেপরোয়া বালি বোঝাই ট্রাক তার প্রাণ প্রদীপ কেড়ে নিয়েছে। গতকাল যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া চিত্রা মডেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ঢাকায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাস করে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি পেয়েছেন তিনি। আগামী বুধবার চাকরিতে যোগদানের জন্য তার ঢাকায় যাওয়ার কথা। নিহতের বন্ধু শিমুল হোসেনসহ স্বজনরা জানিয়েছেন, চাকরিতে যোগদানের জন্য সাদ্দাম হোসেন রুবেল প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে তিনি মাগুরায় যাচ্ছিলেন। চিত্রা মডেল কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালি বো ঝাই একটি ট্রাক সাদ্দাম হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর প্রকৌশলী সাদ্দাম হোসেন মৃত্যুবরণ করেন। শিমুল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী নিলুফা আক্তার ও ৫ বছর বয়সী তাসিন আহমেদ নামে এক পুত্র সন্তান রেখে গেছেন। সাদ্দাম হোসেনের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার শত শত লোক মৃত সাদ্দাম হোসেনকে দেখার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভিড় জমান।





