স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামে মুর্শিদা খাতুন (২০) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার বিকেলে এ আত্মহত্যার ঘটনা ঘটে। স্বামী তালাক দেয়ার ৮ মাস পর সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী মুর্শিদা খাতুন রূপদিয়া গ্রামের হোসেন আলীর কন্যা। চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানিয়েছেন, এদিনে বিকেলে পিত্রালয়ে ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে মুর্শিদা খাতুন গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করার পর ময়না দন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। মৃতার পিতা আলী হোসেন জানিয়েছেন, মনিরামপুরের খেদাপাড়া গ্রামের আলমগীর হোসেনের সাথে এক বছর আগে মুর্শিদা খাতুনের বিয়ে হয়েছিল। ৭/৮ মাস পূর্বে আলমগীর তার কন্যাকে তালাক দেয়। এরপর পিত্রালয়ে থেকে সে (মুর্শিদা) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এক পর্যায়ে মুর্শিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শোকাহত পিতা জানিয়েছেন।





