পোল্যান্ড-ফ্রান্সে আবার লকডাউন
লোকসমাজ ডেস্ক॥ কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় পোল্যান্ড এবং ফ্রান্সের কিছু অঞ্চলে আবার লকডাউন দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, ফ্রান্স সরকার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় নতুন করে লকডাউন চালু করার কথা জানিয়েছে। পোল্যান্ডে সাধারণ দোকান, হোটেল এবং খেলার মাঠগুলো তিন সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। করোনা জার্মানিতেও বাড়ছে। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক পরিস্থিতিকে ‘তৃতীয় ঢেউ’ বলে ঘোষণা দিয়েছেন। ফ্রান্সে শুক্রবার মধ্যরাত থেকে আংশিক লকডাউন দেয়া হয়েছে। যেসব অঞ্চলে সংক্রমণ কম শুধু সেখানেই ট্রেন চলাচল করতে দেয়া হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লকডাউনের কঠোরতা আগের মতো অতটা নয়। কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে স্কুল খোলা থাকছে। করোনা প্রাদুর্ভাবের পর ফ্রান্সে এখন পর্যন্ত ৪.২ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯২ হাজার। পোল্যান্ডে লকডাউন শুরু হচ্ছে শনিবার থেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আরও বড় পরিসরে লকডাউন দরকার। এই ধরনটি ৬০ শতাংশ বেশি হারে মানুষকে সংক্রমিত করছে। পোল্যান্ডে এখন পর্যন্ত ২ মিলিয়ন মানুষ কভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৯ হাজার।
করোনায় আক্রান্ত ইমরান খান
লোকসমাজ ডেস্ক॥ টিকা নেওয়ার দু’দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে বলে শনিবার জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। প্রধানমন্ত্রী করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বলেও তার কার্যালয় জানিয়েছে। ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক সহযোগী ডা. ফায়সাল সুলতান টুইটে বলেন, ‘প্রধানমন্ত্রীর কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।’ করোনা শনাক্ত হওয়ার আগের দিনই খাইবার পাখতুনখোয়ায় ছাত্র সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান খান। এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে চলে আসেন ইমরান খান। রাজনীতিক, তারকা এবং নাগরিকরা তার আশু সুস্থতা কামনা করে টুইট করতে থাকেন।
আজানে ঘুম ভেঙে যায় উপাচার্যের, কমল মাইকের শব্দ
লোকসমাজ ডেস্ক॥ ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নালিশের পর মসজিদের মাইকের শব্দ কমিয়ে অর্ধেক করা হয়েছে। তিনি জানিয়েছিলেন, আজানের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে, মাথাব্যথা হচ্ছে। এ বিষয়ে সংবাদ ভাষ্য প্রকাশ করেছে ডয়চে ভেলে। সেখানে বলা হয়, রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংগীতা শ্রীবাস্তব। জেলা প্রশাসকের কাছে নিজের সরকারি প্যাডে চিঠি লিখে নালিশ করেছেন, বাড়ির কাছের মসজিদ থেকে মাইকে ভোরের আজানের শব্দে তার ঘুম ভেঙে যাচ্ছে। তারপর অনেক চেষ্টা করেও ঘুম আসছে না। মাথাব্যথা করছে। এর প্রভাব তার কাজে গিয়ে পড়ছে। আদালতের রায় উদ্ধৃত করে বলেন, কোনো ধর্মই মাইক ব্যবহার করার কথা বলে না। তার দাবি ছিল, মাইক বন্ধ করতে হবে। শুধু আজান নয়, রমজানের সময় সেহরি নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন। চিঠিতে সংগীতা লেখেন, ঈদের আগে রাত চারটার সময় যে সেহরি হয়, তার আওয়াজেও অন্য মানুষদের অসুবিধা হয়। তিনি এই চিঠি লিখেছিলেন কিছুদিন আগে। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে চিঠির প্রতিলিপি প্রকাশিত হওয়ার পরই প্রবল বিতর্ক শুরু হয়। প্রশাসনের তরফ থেকে মসজিদ কর্তৃপকে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। মসজিদের তরফ থেকে খালিলুর রহমান দ্য প্রিন্টকে জানান, তারা দুইটি লাউডস্পিকার অন্যদিকে বসিয়েছেন। মাইকের ভলিউম পঞ্চাশ শতাংশ কম করে দিয়েছেন। ফলে এখন আর কোনো সমস্যা নেই। তার মতে, প্রশাসনিক ব্যক্তিদের না বলে, উপাচার্য যদি আগে তাদের জানাতেন, তা হলে অনেক আগেই তারা এই ব্যবস্থা নিতে পারতেন। গৌতম হোড়ের ওই সংবাদ ভাষ্যে আরও বলা হয়, ভারতে পরিকল্পিত শহর সামান্য কয়েকটাই আছে। নতুন দিল্লি, চণ্ডীগড়, গান্ধীনগরের মতো অল্প কয়েকটা শহর। কলকাতা, মুম্বাইয়ের মতো পুরোনো শহরের নতুন কিছু পরিকল্পিত অংশ আছে। যেমন, সল্ট লেক, নিউ টাউন। বাকি সব জায়গায় নগরায়ণ হয়েছে বিপ্তিভাবে। তাতে পরিকল্পনার বালাই নেই। ফলে আবাসিক এলাকার মাঝখানে গড়ে উঠেছে ধর্মস্থান। সে জন্য মসজিদের লাউডস্পিকার, সারা রাত জেগে হিন্দু জাগরণে মাইকের ব্যবহার অথবা দিনের বেলাতেও প্রবল জোরে মাইক বাজিয়ে ধর্মীয় শোভাযাত্রার কারণে মানুষের অসুবিধা হতে পারে। এই বাস্তবতা মেনে নিয়ে সবদিক বিবেচনা করে, অসুবিধা যতটা কম করা যায়, সেটাই সব পরে করা উচিত। এখানে মসজিদ কর্তৃপ সেই কাজ করায় নিঃসন্দেহে ধন্যবাদের পাত্র হয়েছেন। তারা এই বিতর্ক বাড়তে না দিয়েও ভালো কাজ করেছেন। কয়েক বছর আগে একইভাবে আজান নিয়ে আপত্তি জানান গায়ক সোনু নিগম। তখন বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হয়।





