লোকসমাজ ডেস্ক॥দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলতি বছরের শুরু থেকে টানা শুটিংয়ে আছেন তিনি। বিশেষ করে বঙ্গবন্ধুর ‘বায়োপিক নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করেছেন। এই ছবির পর ওপার বাংলায় নতুন ছবির কাজও করবেন অভিনেত্রী। তবে চলতি মাসের আগামী দিনগুলো কোনো শুটিং করবেন না জানান তিনি। তাহলে অভিনেত্রী করবেন কি? জানতে চাইলে ফারিয়া বললেন, আপাতত শুটিং করছি না। এ মাসের বাকি দিনগুলো অন্য কাজে ব্যস্ত থাকবো। বিভিন্ন ধরনের ফটোশুট ও ছবির ডাবিং করে পার করবো।
নতুন একটি অনলাইন প্রতিষ্ঠানের হয়েও কিছু কাজ আছে। অনলাইন সুপারশপ চালডাল ডট কমের হয়ে প্রচারণামূলক নানা ধরনের কর্মকাণ্ডে দেখা যাবে এই তারকাকে। ১৭ই মার্চ হয়েছে এর আনুষ্ঠানিক চুক্তি। ফলে মুঠোফোন, প্রসাধনীর পাশাপাশি অনলাইন এই প্রতিষ্ঠানের প্রচারে তাকে নিয়মিত পাওয়া যাবে। এদিকে ৩০শে মার্চ মুক্তি পাবে ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মটি। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি এই জুটির প্রথম কাজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ফারিয়ার ‘অপারেশন সুন্দরবন’ শীর্ষক ছবিটি।





