ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ অস্ত্র আইনের মামলায় ডুমুরিয়ার চরমপন্থী নেতা রফিক জোয়ারদারকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ মার্চ) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি ডুমুরিয়া উপজেলার ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের সদস্য। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ অক্টোবর রাত ৪টায় ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে গ্রেফতার হয় রফিক জোয়ার্দার। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার নামে ডুমুরিয়া থানায় ২১টি ও যশোর থানায় ২টি মামলা রয়েছে। সে ওইখানে অপর সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আলোচনায় বসেছিল, এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে দেশি তৈরি একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। পরে ওই ঘটনায় ডুমুরিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. তফিকুল ইসলাম রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির শুনানিকালে আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার।





