লোকসমাজ ডেস্ক॥ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারতীয় ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে প্রথম ম্যাচটি। আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলেও ১২৪ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। এমন ব্যাটিংয়ের পর ব্যাটসম্যানদের রীতিমতো ধুয়ে দিয়েছেন অধিনায়ক কোহলি। তিনি নিজে আউট হয়েছেন ৫ বলে কোনো রান না করে, ব্যর্থ হয়েছেন বাকিরাও। কোহলির মতে, আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ঠিক কেমন ব্যাটিং দরকার, তা জানা ছিল তার দলের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘এই পিচে ঠিক কী করতে তা সম্পর্কে আমরা সচেতন ছিলাম না। শট খেলার সময় এক্সিকিউশনের অভাব ছিল স্পষ্ট, এদিকটা নিয়ে কাজ করতে হবে। নিজেদের ভুল মেনে নিয়ে পরের ম্যাচে আরও বেশি দৃঢ়তা নিয়ে ফিরতে হবে এবং পরিষ্কার ধারণা রাখতে হবে কোথায় শট খেলতে চাই।’ সব ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন শ্রেয়াস আইয়ার। পাঁচ নম্বরে তিনি খেলেছেন ৪৮ বলে ৬৭ রানের ইনিংস। দলের অর্ধেকের বেশি রান এসেছে তার একার ব্যাট থেকেই। আইয়ারকে প্রাপ্য প্রশংসা যেমন দিয়েছেন, তেমনি বাকিদেরও তার কাছ থেকে শেখার আহ্বান জানিয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়কের ভাষ্য, ‘আমরা যেসব শট খেলতে চেয়েছি, উইকেটের কারণে তা পারিনি। শ্রেয়াস আইয়ার আমাদের দেখিয়েছে কীভাবে ক্রিজ ব্যবহার করে বাউন্স সামাল দিতে হবে। আমাদের গড়পড়তা ব্যাটিংয়ের সুযোগে ইংল্যান্ড ম্যাচটা নিজেদের করে নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা বেশ কিছু জিনিস চেষ্টা করেছি। কিন্তু আপনাকে কন্ডিশনের দিকেও খেয়াল রাখতে হবে। যদি পিচ আপনাকে অনুমতি না দেয়, তাহলে আপনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে পারবেন না। আমরা পিচ বোঝার জন্য যথেষ্ঠ সময় মাঠে থাকতে পারিনি। শ্রেয়াস করেছে কিন্তু আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম।’ তবে প্রথম ম্যাচ হারলেও সব শেষ বলে মনে করছেন না কোহলি। এটিকে খেলার অংশ হিসেবে ধরে নিয়ে পরের ম্যাচে নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের কথাই বলেছেন ভারতীয় অধিনায়ক। তার ভাষ্য, ‘এগুলো আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। আপনার ভালো-খারাপ দিন আসবে। আপনি নিজের দিনে এর চেয়ে আরও অনেক বেশি রান করবেন আবার অনেকদিন কোনোকিছুই কাজে লাগবে। নিজের পরিকল্পনায় যেমন অটল থাকতে হবে, তেমনি এটিও মাথায় রাখতে হবে যে বোলিং দলও তাদের পরিকল্পনা কাজে লাগাতেই মাঠে নেমেছে।’





