ছোট্ট একটি ভুলেই ফাইনালে অস্ট্রেলিয়া নয়, উঠেছে ভারত

লোকসমাজ ডেস্ক॥ এমন ছোট্ট একটি দুর্ভাগ্য যে এক সময় বিশাল এক মহিরুহ হিসেবে দাঁড়িয়ে যাবে, তা কে ভাবতে পেরেছিল? মাত্র ছোট্ট একটি ভুল। মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে ওভার রেট ঠিক রাখতে পারেনি অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল অস্ট্রেলিয়া। তাদের নামের পাশ থেকে কেটে নেয়া হয়েছিল পয়েন্ট। সেই ছোট্ট ভুল তথা পয়েন্ট কেটে নেয়ার কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া নয়, খেলবে ভারত। ফাইনালের অন্য দলটির নাম নিউজিল্যান্ড। আগামী জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল ম্যাচটি।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার মেলবোর্নের সেই ভুলকেই চিহ্নিত করলেন তাদের ‘সত্যিই দুর্ভাগ্য’ হিসেবে। কারণ তারা মেলবোর্ন টেস্টে ওভার রেট ঠিক রাখতে পারেননি। সেই ভুলেরই আজ চড়া মূল্য দিতে হচ্ছে। মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার কাছ থেকে ৪টি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেয়া হয়। ওই টেস্টে মাত্র দুই ওভার স্লো হয়েছিল অস্ট্রেলিয়ার। যদিও ঘরের মাঠে ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে ভারতীয়রা। এই দুটি সিরিজ জয়ই বিরাট কোহলিদেরকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিয়েছে। সেই মেলবোর্ন টেস্টে যদি স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা না যেতো, তাহলে তারাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতো। ভারতের পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে ৭২.২। নিউজিল্যান্ডের পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে ৭০.০। অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে ৬৯.২। যদি সেই চার পয়েন্ট কাটা না যেতো, তাহলে অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট পার্সেন্টেজ হতো ৭৩.২। জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘এটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটি বিষয়। যেটা নিয়ে আমি এই প্রথম কথা বলেছি। তবে আমাদের ম্যানেজার গ্যাভিন ডোভি… যিনি না থাকার কারণে এই ভুলটা হয়েছিল। ওই সময় তিনি দলের সঙ্গে ছিলেন না। ক্রিসমাসের জন্য ছুটিতে ছিলেন।’ পরক্ষণে ল্যাঙ্গার বলেন, ‘আমরা আসলে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমাদের ওভার রেট যে কমে যাচ্ছে, তা বুঝতে পারিনি। এখন সেটাই আমাদের জন্য বড় দুর্ভাগ্য বয়ে এনেছে।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ০.৩ পয়েন্ট এগিয়ে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আবার করোনার কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যায়নি। ল্যাঙ্গার বলেন, ‘আমি মনে করতে পারি, ম্যাচের পর আমরা টিম হোটেলের রুমে বসে ছিলাম। ওই সময় আমি পেইনির (টিম পেইন) সঙ্গে এ বিষয়টা নিয়েই আলাপ করছিলাম, সঙ্গে ছিলেন অ্যানালিস্ট ডেনে হিলস। আমি তখনই বলেছি, ওটাই আমাদের জন্য বড় দুর্ভাগ্য হিসেবে দেখা দিতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বড় বাধা হিসেবে আসতে পারে।’

ভাগ