মিথ্যা কথা বলে স্যামুয়েল প্যাটিকে টার্গেটে পরিণত করায় স্কুলছাত্রী অভিযুক্ত

লোকসমাজ ডেস্ক॥ ফরাসি শিক্ষক সামুয়েল প্যাটি হত্যায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে এক স্কুলছাত্রীর বিরুদ্ধে। গত বছরের অক্টোবর মাসে বাক স্বাধীনতা বিষয়ক ক্লাসে ইসলামের নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে কট্টোরপন্থীদের টার্গেটে পরিণত হন প্যাটি। এর এক সপ্তাহের মাথায় তাকে হত্যা করে আব্দুল্লাখ আজোরভ নামের এক কট্টোরপন্থী। পুলিশ বলছে, ওই ফরাসি শিক্ষার্থীর মিথ্যা দাবির ওপর ভিত্তি করেই অনলাইনে প্যাটিকে হত্যায় উস্কানি ছড়ানো হয়েছিল। ঘটনার দিন প্যাটি জানান, কেউ যদি ক্লাসে থাকতে না চায় তাহলে সে ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। সেদিন ওই স্কুলছাত্রী ক্লাস থেকে বেড়িয়ে গিয়েছিল। কিন্তু সে বাসায় ফিরে ওই ক্লাস সম্পর্কে তার বাবা মায়ের কাছে মিথ্যা কাহিনী সাজিয়ে বলে। মেয়ের কথা শুনেই তার বাবা অনলাইনে প্যাটির বিরুদ্ধে ঘৃণা ছড়াতে শুরু করেন। এতে দ্রুতই একটি প্রচারণা গড়ে উঠতে শুরু করে। ওই ঘটনার পরই প্যাটি কট্টরপন্থীদের টার্গেটে পরিণত হয়। তার হত্যাকান্ডে ফ্রান্সসহ সমগ্র বিশ্বে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। অভিযুক্ত স্কুলছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। তার আইনজীবী দাবি করছেন, সে মিথ্যা বলেছিল কারণ তার সহপাঠিরা তাকে বাধ্য করেছিল। কিন্তু সেসময় তার কথার ভিত্তিতেই স্যামুয়েল প্যাটির বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালানো শুরু হয়। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, অনলাইনে প্যাটির বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালানোর কারণেই তিনি কট্টোরপন্থীদের টার্গেটে পরিণত হয়েছিলেন।

ভাগ