আজ ঐতিহাসিক ৭ মার্চ

মাসুদ রানা বাবু ॥ আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের যুগান্তকারী ভাষণের স্বীকৃতি হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। এই দিন তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু তার ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার যুদ্ধের চূড়ান্ত প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়েছেন। বিশাল জনসমূদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তিনি যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা বিদ্যুতের গতিতে সারাদেশে ছড়িয়ে পড়ে। সেদিন রেসকোর্স ময়দান লাখো লাখো মুক্তিপাগল বাঙালির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাদের মুখে শ্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। উপস্থিত জনতাকে বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। মাত্র ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এরপর দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে। আজ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব অমান্য ঐতিহ্যের অংশ হিসেবে স্থান পেয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মার্চ মাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে কর্মসূচি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করছে।

ভাগ