কুষ্টিয়া সংবাদদাতা্॥কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়নি।
জানা গেছে, মালবাহী ট্রেনে মোট ২২টি বগি ছিল। প্রতি বগি ছিল গমভর্তি। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। ট্রেন চালক মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। দুইশ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এসে তিনি দেখতে পান রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো রয়েছে। কিন্তু ট্রেন থেকে ট্রলিটি মাত্র ৫০ গজ দূরে অবস্থান করায় তিনি তা দেখে ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি।
তিনি দাবি করেন, ট্রলির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে ট্রেনের কোনো দায় নেই। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে বলে জানান তিনি।





