ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা ফুলতলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা যশোর বরাবর পেশকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুন ২০২০ তারিখে বিধি মোতাবেক খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিজয়ী সালমা বেগম সভাপতি, লিপন মোহন্ত সাধারণ সম্পাদক, প্রিয়া বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মাত্র ৮ মাসের ব্যবধানে ওই কমিটি ভেঙে দেয়া হয়। এদিকে গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ মুকুলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসার মতিউর রহমান। পূর্বেকার কমিটির কেউ এডহক কমিটির সদস্য হতে পারবে না বলে গঠনতন্ত্রে উল্লেখ থাকায় কাউকে এডহক কমিটিতে রাখা হয়নি। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে বিজিবি-১/২৪০ স্মারকের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এক কমিটির অনুমোদন দেয়া হয়। যদিও গত ১৬ ফেব্রুয়ারি মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় নীপা গোলদার অনুপস্থিত থাকেন এবং তার নাম প্রস্তাব ও সমর্থন হয়নি। পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মো. হাফিজুর রহমান বলেন, তার দপ্তরে পেশকৃত রেজুরেশন অনুযায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে স্থানীয় কমিটি এ ধরনের কোন রেজুরেশন করেনি এমন অভিযোগের বিষয়টি তার জানা নেই। স্মারকলিপিতে বিধি বহির্ভূতভাবে এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।




