বাগেরহাটে দিনমজুরের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে কাওছার শেখ (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। এসময় তার গলায় ফাঁস লাগানো ছিল। বাগেরহাট সদর থানা পুলিশের ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সাথে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না আসলে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। তার মুঠোফোনটিও বন্ধ পান স্বজনরা। বুধবার দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে কাওছারকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ভাগ