চা বিক্রেতা ছুরিকাহত যশোরের খড়কিতে

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি গাজীর বাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জুয়েল (৩৮) নামে এক চা বিক্রেতা আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ে অপহরণ করার পর ফেরত নেয়ার জের ধরে এ ঘটনা ঘটে।
জুয়েল জানিয়েছেন, খড়কি গাজীর বাজারে নিজ দোকানে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চা বিক্রি করছিলেন। এ সময় খোলাডাঙ্গা এলাকার ইমন, ৪/৫ জন সহযোগীকে এনে তার (জুয়েলের) পেটে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে জুয়েল গুরুতর আহত হলে বিকেল ৫টায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জুয়েল ও তার স্ত্রী জানিয়েছেন, তাদের কন্যা আফরিনকে এক বছর আগে ইমন অপহরণ করে নিয়ে যায় এবং কোন কাগজপত্র ছাড়াই বিয়ে করার নাম করে নিজের কাছে রাখে। পরে জুয়েল তার কন্যাকে বাড়িতে নিয়ে আসে। এরপর আফরিনকে না পেয়ে ইমন জুয়েলের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্যে মরিয়া হয়ে ওঠে। গতকাল সুযোগ পেয়ে ইমন তার সহযোগীদের নিয়ে তাকে ছুরিকাঘাত করে।

ভাগ