চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে সাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাক চালককে গুলি করেছে তার প্রতিপক্ষ দুই আপন ভাই শাকের আলী ও বাকের আলী। সাচ্চু শেখ চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়ার আরফিন শেখের ছেলে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ শহরের নূরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শাহেদ আলীর ছেলে বাকের (২৮) কে ৬ রাউন্ড গুলিসহ আটক করলেও তার ভাই শাকের (২৪) কে আটক করতে পারেনি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পৌর এলাকার মাঝেরপাড়ার সাচ্চুর সঙ্গে নূরনগর এলাকার শাকেরের টাকা পয়সা নিয়ে পূর্ব থেকেই শত্রুতা ছিলো। ওই শত্রুতার জের ধরে শনিবার বেলা সাড়ে ৪টার দিকে আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় দুভাই শাকের ও বাকের প্রকাশ্যে গুলি করে সাচ্চুকে। ওই গুলি সাচ্চুর পেটের নিচের অংশে বিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আটক বাকেরের বিরুদ্ধে অস্ত্রসহ ৭ টি ও পলাতক শাকেরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হবে বলে তিনি জানান।





