সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার দেবহাটা থানায় সোপর্দের সময় হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়া গাঁজা ব্যবসায়ী জাকির হোসেনকে ফের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া থেকে দেড় কেজি গাঁজাসহ সেকেন্দ্রা গ্রামের মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেফতার করে র্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকালে পুলিশে সোপর্দের জন্য তাকে দেবহাটা থানায় নিয়ে জানালার সঙ্গে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখার ৮ মিনিটের মধ্যেই কৌশলে হ্যান্ডকাপটি খুলে পালিয়ে যায় জাকির। এঘটনার পর তাকে গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করে র্যাব ও দেবহাটা থানা পুলিশ। জাকিরকে পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, তার পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়া এলাকা থেকে জাকিরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে।





