খুলনা সংবাদদাতা॥ খুলনা মহানগর ও ফুলতলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে দুই মোটরসাইকেল আরোহী ও এক ট্রাকচালক। খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় মোস্তর মোড়ের বিসমিলাহ নগর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন– রায়েরমহল পশ্চিমপাড়া বড় মসজিদ এলাকার নাঈম (২৫) এবং রায়েরমহল বড় মসজিদের পেছনের এলাকার সাইফুল (৩০)। নিহত নাইমের চাচা মোলা সাঈদ জানান, দুর্ঘটনাস্থলে বিশ্বাস প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের বালি দিয়ে ভরাট কাজ চলছে। সেখানে একটি বালির ট্রাক মোটরসাইকেল আরোহী তিন জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দুজন মারা যায়।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার যুগ্নিপাশা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ২ টার দিকে যশোরগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) এর সাথে খুলনাগামী ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) এর মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক চালক আবু সালেহ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিন্ত্রির পুত্র। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে।





