খেলার খবর

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ‘এপ্রিলের মাঝামাঝি’
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, এপ্রিলের মাঝামাঝি সফরটি হবে। কোয়ারেন্টাইন জটিলতায় গত বছর ভেস্তে গিয়েছিল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। স্থগিত হয়ে থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজটি মাঠে গড়াবে এপ্রিল-মে মাসে। নিজামউদ্দিন চৌধুরী বলছেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’ ম্যাচের সূচির ব্যাপারে তিনি বলেন, ‘যেহেতু স্বাগতিক দেশ এই ঘোষণাটা দেয়, বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।’ বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইনের কঠিন শর্ত থাকছে না বলে জানান নিজামউদ্দিন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’ তিন ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে বাংলাদেশের রওনা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে বাধে বিপত্তি। শেষ পর্যন্ত কোয়ারেন্টাইন শিথিল করেনি দেশটি। বাংলাদেশেরও তখন যাওয়া হয়নি খেলতে।

টিকা নিলেন আরও ৮ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক॥ দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা। টিকা নেয়া আট ক্রিকেটার হলেন- মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত। এদিন সকালে একে একে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নেয়া শেষে ক্রিকেটাররা বাসায় ফিরে যান। তাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি। এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে টাইগাররা। সপ্তাহ খানেক অনুশীলন শেষে ২০ মার্চ ডানেডিনে বসবে সিরিজের প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চে ২৩ মার্চ এবং ওয়েলিংটনে ২৬ মার্চ হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে বসবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ও শেষ ম্যাচ অকল্যান্ডে মাঠে গড়াবে ১ এপ্রিল।

জাতীয় দলের জন্য আইপিএলে নেই লঙ্কান ক্রিকেটাররা: সাঙ্গাকারা
স্পোর্টস ডেস্ক॥ জাতীয় দলের খেলার জন্য লঙ্কান ক্রিকেটাররা এবার আইপিএলে নেই বলে জানিয়েছেন রাজস্থান রয়্যালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সাঙ্গাকারা। নিলাম থেকে নিজ দেশের খেলোয়াড় টানার সুযোগ ছিল তার। সেটা করেননি। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকেও লঙ্কান ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহী দেখা যায়নি। তা না হওয়ার কারণ হিসেবে সাঙ্গাকারা জানালেন, দেশটির আন্তর্জাতিক ব্যস্ততার কথা। এপ্রিল মাসে বাংলাদেশের বিপে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ আছে শ্রীলঙ্কার। মে মাসে তারা আবার বাংলাদেশে এসে খেলবে তিন ওয়ানডে। এই সময়টাতেই হবে আইপিএল। বাংলাদেশের সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বিপে টেস্ট না খেলার। আইপিএলের জন্য তাকে ছুটিও দিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু শ্রীলঙ্কায় এই বাস্তবতা নেই। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা জানালেন, লঙ্কান প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন নজরকাড়া নৈপুণ্য দেখালেও লঙ্কানদের খেলা থাকায় আইপিএলের দলগুলো আর তাদের পেতে আগ্রহ হয়নি। তিনি বলেন, ‘মুশকিলের ব্যাপার হলো শ্রীলঙ্কার ওই সময়টায় খেলা থাকায় কত দিন তাদের পাওয়া যাবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই কারণেই লঙ্কান ক্রিকেটারদের দলে নিতে সাহস করেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।’ ‘লঙ্কান ক্রিকেটারদের আইপিএলে না দেখার এটাই বড় কারণ। অবশ্যই তাদের সামর্থ্যের ঘাটতির কোনো বিষয় না এখানে।’

১৫ কোটি রুপিতে বিস্মিত জেমিসন
স্পোর্টস ডেস্ক॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫ কোটি রুপিতে বিক্রি হয়ে বিস্ময়ের ঘোর কাটছে না নিউজিল্যান্ডের কাইল জেমিসনের। এত ভারতীয় মুদ্রায় নিউজিল্যান্ডে কত ডলার হয়, সেই হিসাব কষতেই বেশ সময় লেগেছে তার। ৭৫ লাখ রুপি ছিল জেমিসনের ভিত্তি মূল্য। তিন দলের দর–কষাকষিতে ১৫ কোটি রুপিতে তাকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন তিনি টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে। এখনো পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন জেমিসন। এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন মূলত টেস্টে। সেই তিনিই ঝড় তুললেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নিলামে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে ২৬ বছর বয়সী পেসার বললেন, ‘সত্যি বলতে অবিশ্বাস্য অনুভূতি। ভেবেছিলাম রাতে ঘুমিয়ে যাব। কিন্তু মাঝরাতের দিকে উঠে বসি এবং ফোনে চোখ রাখি। জীবনে আর কখনো এরকম হবে কিনা কে জানে! তাই মনে এলো, পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেয়ে আলিঙ্গন করি ও উপভোগ করি। ওই ঘণ্টা দেড়েক সময়, নিশ্চিতভাবেই ছিল অদ্ভুত।’ ‘‘আমার নিলাম যখন চলছে, শেন বন্ড আমাকে মেসেজ পাঠায়, ‘হাউ গুড ইজ দিস?’ আমার আসলে জানা ছিল না, ১৫ কোটি রুপি নিউজিল্যান্ড ডলারে কত। এখনও চেষ্টা করছি ব্যাপারটি হজম করার।’’ জাতীয় দলে চুক্তি থেকে বছরে তার পারিশ্রমিক দেড় লাখ নিউজিল্যান্ড ডলারের মতো। আর একবারের আইপিএল থেকে তিনি পাবেন নিউজিল্যান্ড ডলারে ২৮ লাখ ৬০ হাজারের কাছাকাছি! অবিশ্বাস্য এই অঙ্ক দেখে উচ্ছ্বসিত জেমিসন ফোন করেন আপনজনদের, ‘প্রথমে আমার সঙ্গিনী এমাকে ফোন করি। ও ঘুমাচ্ছিল। ঘুম ভাঙিয়ে খবর দেই। তার পর বাবা-মাকে ফোন করি, তারা জেগেই ছিলেন।’

বসুন্ধরার ৩ মিনিটের ঝড়, টঙ্গীতে গোলবন্যা
স্পোর্টস ডেস্ক॥ শুরুতে গোল করে এগিয়ে গেল সাইফ স্পোর্টিং। পরবর্তীতে বসুন্ধরা কিংস ম্যাচে সমতা এনে এগিয়েও যায়। শেষ দিকে আবার পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলো সাইফ। যার খেসারত দিতে হলো ৩ পয়েন্ট হারিয়ে। আজ (শনিবার) সাইফকে ২-১ গোলে হারিয়ে বসুন্ধরা চলমান রেখে তাদের জয়রথ। অন্যদিকে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে উত্তর বারিধারা-আরামবাগ ৪-৪ গোলে ড্র করেছে। বসুন্ধরা কিংস ১০ ম্যাচে নবম জয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। সাইফ ৯ ম্যাচে চতুর্থ হারে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। অন্যদিকে আরামবাগ ৯ ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে তলানিতেই আছে। সমান ম্যাচে বারিধারা ষষ্ঠ ড্রতে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে বসুন্ধরা এগিয়ে যেতে পারতো। ব্রাজিলিয়ান রবিনিয়োর কোনাকোনি শট দূরের পোস্ট দিয়ে গেলে তা হয়নি। সাত মিনিট পর সাইফ প্রথম গোলের দেখা পায়। ফয়সাল আহমেদ ফাহিমের লং পাস হেডে একটু এগিয়ে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন জন ওকোলি। গায়ের সঙ্গে সেঁটে থাকা অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খানকে ছিটকে দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে হারিয়ে দেন এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে এই প্রথম আগে গোল হজম করে বসুন্ধরা। ম্যাচের ২৯ মিনিটে মতিন মিয়াকে নামিয়ে আক্রমণভাগ ুরধার করেন অস্কার ব্রুজন। এরপরই মূলত ৩ মিনিটের ঝড়ে ২ গোল পেয়ে যায় বসুন্ধরা। ৩৪ মিনিটে ইরানের ডিফেন্ডার খালেদ শাফির থ্রো ইন এক ডিফেন্ডার হেডে ফেরানোর পর রবিনিয়োর শট ঠিকমতো কিয়ার করতে পারেননি গোলকিপার সাইফুল ইসলাম, ফিরতি বলে সামনে থাকা তৌহিদুল আলম সবুজ হেডে সমতা নিয়ে আসেন। দুই মিনিট পর রবিনিয়োর দুর্দান্ত গোলে এগিয়ে যায় বসুন্ধরা। প্রায় ৩৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বুলেট গতির শট বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। গোলকিপার সাইফুল লাফিয়ে উঠেও কিছু করতে পারেননি।
বিরতির পর বসুন্ধরা সুযোগ পেয়েও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি। আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরার হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। একটু পর অবশ্য সাইফের ইকেচুকু কেনেথের শট রুখে দেন গোলকিপার আনিসুর রহমান জিকো। তাদের দুর্ভাগ্য তখনও পিছু ছাড়েনি। ৬৯ মিনিটে বক্সের ভেতরে শাফির হাতে বল লাগলে সাইফের খেলোয়াড়রা পেনাল্টির জোরালো আবেদন জানান, কিন্তু রেফারি তাতে সায় দেননি। আর ৮৩ মিনিটে তো পেনাল্টি পেয়েও গোল করতে না পারার যন্ত্রণায় পুড়তে হয়েছে সাইফকে। নিজেদের সীমানায় জন ওকোলিকে ফেলে দেন বিশ্বনাথ। পেনাল্টি থেকে নাইজেরিয়ান ইকেচুকু কেনেথের শট গোলকিপার জিকো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এদিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে হয়েছে গোলবন্যা। উত্তর বারিধারা ও আরামবাগের মধ্যে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টোফার চিজোবা আরামবাগকে এগিয়ে নেন। দুই মিনিট পর আরিফ হোসেন গোল করে বারিধারাকে সমতা এনে দেন। ২২ মিনিটে চিজোবা ও ৪০ মিনিটে নিহাত জামানের গোলে আরামবাগ ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের মধ্যে ৩ গোল করে অবশ্য বারিধারা চমক দেখায়। ৫২ ও ৫৬ মিনিটে ল্যভেদ করেন অধিনায়ক সুমন রেজা। ৫৮ মিনিটে জাল কাঁপান সুজন বিশ্বাস। ৮০ মিনিটে অবশ্য মিশরের ডিফেন্ডার মাহমুদ সায়েদ গোলে করে বারিধারাকে জিততে দেননি।

 

ভাগ