লোকসমাজ ডেস্ক॥ চোখ কপালে উঠার মতোই অবস্থা। যার ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। সেই ক্রিস মরিসই কিনা আইপিএলের ইতিহাসে হয়ে গেলেন সবচেয়ে দামি ক্রিকেটার। ভাঙলেন পেছনের সব রেকর্ড। বৃহস্পতিবার আইপিএলের নিলামে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে রেকর্ড ১৬ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভাগ্যের শিকে এভাবেই ছেড়ে হয়তো কারো। কয়েকটি দল যখন টানাটানিতে ব্যস্ত, তখনই বেড়ে যাবে ক্রিকেটারদের দাম। মরিসের বেলায় তা দেখা গেল। তাকে শেষ পর্যন্ত পেয়েছে রাজস্থান। তবে এই লড়াইয়ে ছিল বেঙ্গালুরু ও মুম্বাইও। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের। ২০১৫ সালে ভারতীয় এই অলরাউন্ডারকে ১৬ কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান এই পেসারকে গত বছর (২০২০ আইপিএল) ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মরিস এবার ছাড়িয়ে গেলেন সবাইকে। আইপিএলের ইতিহাসে দামি খেলোয়াড়ের তালিকায় মরিস, যুবরাজ ও কামিন্সের পর আছেন বেন স্টোকস। সাড়ে চৌদ্দ কোটি রুপিতে ইংলিশ অলরাউন্ডারকে দলে টেনেছিল রাইজিং পুনে, ২০১৭ সালে। পঞ্চম স্থানে আবার যুবরাজ। ২০১৪ সালে তাকে ১৪ কোটি রুপিতে দলে টেনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।





