শার্শার উলাশীর ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদ সংস্কারের নামে সরকারি অনুদানের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর মসজিদের মুসল্লিদের স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে এমন তথ্য জানা গেছে। অভিযোগ অনুযায়ী, উলাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য কামাল হোসেন তার কাঠুরিয়া গ্রামের মসজিদ সংস্কারের নামে সরকারি অনুদানের ৫০ হাজার টাকা উত্তোলন করেন। ইউপি সদস্য কামাল কোনো কাজ না করে গোপনে ভুয়া কমিটি তৈরি করে ২০২০ সালের ২২ মার্চ শার্শা প্রকল্প অফিস থেকে ওই ৫০ হাজার টাকা উত্তোলন করেন। বিষয়টি মসজিদের মুসল্লিরা জানতে পেরে মেম্বারের কাছে জানতে চান। টাকার কথা জানতে চাইলে তিনি মুসল্লিদের উপর ক্ষিপ্ত হন। গত ১১ মাস অতিবাহিত হলেও মসজিদ সংস্কারে ৫০ হাজার টাকার কোনো কাজ হয়নি বলেও জানান মুসল্লিরা। উপায়ন্তর না পেয়ে মসজিদের মুসল্লিরা শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানার জন্য মোবাইল কল করলে ইউপি সদস্য কামাল হোসেন ফোন রিসিভ করেননি। উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক বলেন, অভিযোগ পেয়েছি। মেম্বারকে পাচ্ছিনা। তাকে পেলে সরকারের অনুদানের টাকা মসজিদ কমিটির হাতে ফিরিয়ে দেয়া হবে। শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, সরকারি টাকার কাজ না করলে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি। সঠিক সময়ের মধ্যে কাজ না করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ভাগ