তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার ঘোষনগর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ১০ জনকে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার পাইকগাছা থেকে যাত্রবাহী একটি বাস (বরিশাল জ- ১১০০০৬) ছেড়ে এসে খুলনা শহর অভিমুখে রওনা হয়। পথে দুপুর ২টার দিকে সাতীরার তালা উপজেলার ঘোষনগর এলাকায় অপর একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের ১০ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় খুলনার কয়রা উপজেলার তরিকুল ইসলাম (৩৫), আমজেদ শেখ (৫০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও একই উপজেলার রেহানা খাতুনকে (২৮) খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় বাসের চালক কপোতাক্ষ নদী সাঁতরে পালিয়ে যান। তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



