ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেটের আদালত। ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি আব্দুস সামাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। বুধবার আদালতের দেয়া কার্যবিধির ১৪৪ ধারা মতে পুলিশ নোটিশ দিয়ে বিবাদি পক্ষের জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম মল্লিক, এটিএম ওহেদুজ্জামান, সাহিদুল এনাম পল্লব, মাহবুবুর রহমান, শাহিদুর রহমান সন্টু, ওমর আলী সোহাগ ও মেহেদী হাসান কনকসহ ১৪/১৫ জনকে রিপোর্টাস ইউনিটের নামে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেন। আদালতে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুস সামাদ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি। কিন্তু একই নামে আরেকটি সংগঠন খুলে বাদীর সুনাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই নামে দুইটি সংগঠন করার অধিকার নেই বিবাদিদের। গত ১৩ ফেব্রয়ারি বিবাদিরা বাদীর অফিসে গিয়ে হুমকি প্রদান করেন এবং খুন জখমের ভয় দেখান। বাদী আব্দুস সামাদ শান্তি শৃংখলা রক্ষায় শোকজ ও ১৪৪ ধারা জারির আর্জি করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুজ্জামান বলেন, জেলা রিপোর্টার্স ইউনিটের সকল প্রকার কার্যক্রমে কার্যবিধির ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের পরবর্তী ধার্য তারিখে বিবাদিরা হাজির হয়ে ব্যাখা প্রদান ও অভিযোগটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের নামে ঘর খুলে কার্যক্রম পরিচালনা করা যাবে না। তিনি বলেন কেউ ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের নামে ঘর খুলে কাযক্রম পরিচালনা করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ