বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে ভরাট দুটি খালের পুনর্খনন কাজ শুরু হয়েছে। বুধবার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের চৌমোহনা স্লুইসগেট এলাকায় আনুষ্ঠানিকভাবে কলের খাল ও বুধোর খাল খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দীন। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন, ঠিকাদার ফারুক তালুকদারসহ স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল দুটি এক কিলোমিটার করে মোট দুই কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। খাল খননের ফলে এলাকার কৃষি কাজে ব্যাপক উন্নয়ন হবে বলে দাবি করেন বিএডিসি বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন।





