আশাশুনি (সাতক্ষীরা)সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদে ইঞ্জিন চালিত ট্রলার ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের সন্ধান মেলেনি গতকালও। সাতক্ষীরা জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত টিম গঠন করেছেন। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়ায় আম্পানের আঘাতে কপোতাক্ষ নদের পাউবোর ভাঙনকৃত বেড়িবাঁধ সংস্কার কাজ চলাকালে গত মঙ্গলবার ভোর ৬ টার দিকে কোজারের কাজে নিয়োজিত ১২ জন শ্রমিক ট্রলারে নদী পার হচ্ছিলেন। এ সময় প্রবল ¯্রােতের তোড়ে ট্রলার ডুবে গেলে ৯ জন উদ্ধার হয়, ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের উদ্ধারে চেষ্টা করলেও সম্ভব হয়নি। গতকাল বুধবার সকাল থেকে নীলডুমুর বিওপি ক্যাম্প থেকে কোস্টগার্ড উদ্ধার কাজে যোগ দিয়েও সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাননি নিখোঁজ ৩ শ্রমিকের। সকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিখোঁজ শ্রমিকদের পরিবার প্রতি ১০ হাজার করে টাকা, ৫০ কেজি চাল ও কম্বল বিতরণ করেন এবং আরো সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে নিখোঁজ পরিবারের সহায়তা প্রদানের নির্দেশ দেন। ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসময় ইউএনও মীর আলিফ রেজা, ভাঙন এলাকার ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও শেখ জাকির হোসেন উপস্থিত ছিলেন।




