যশোরে জমি নিয়ে গোলযোগে পিতা-পুত্রের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ইছাপুর গ্রামে পিতা ও পুত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, গতকাল সকাল ৯টার দিকে ইছাপুর গ্রামের সাহেব আলী (৪২) আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়িতে কীটনাশক পান করেন। পিতার কীটনাশক পান করা দেখে ছেলে আলামিন (২৫) কীটনাশক পান করেছেন। সুমন নামে এক যুবক তাদের উদ্ধার করার পর সকাল ১০টায় চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আলামিন যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তাদের অবস্থা আশঙ্কাজনক। মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. সামস্ মো. শাহেদ জামিল জানিয়েছেন, পিতা সাহেব আলীর অবস্থা শোচনীয়। তিনি অতিরিক্ত মাত্রায় কীটনাশক পান করেছেন। স্বজনরা জানিয়েছে, সাহেব আলী, হানেফ আলী, বাবু ও আলতাফ ৪ ভাই। পিতা সবুল্লার মৃত্যুর পর ৪ ভাইয়ের মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া জমির ভাগাভাগি নিয়ে গোলযোগ দেখা দেয়। এক পর্যায়ে ভাই ও ভাইপোদের উপর অভিমান করে সাহেব আলী আত্মহত্যা করার জন্য কীটনাশক পান করেন। তখন পিতার কীটনাশক পান করা দেখে মেধাবী ছেলে আলামিন কীটনাশক পান করে।

ভাগ