ফের কাশ্মীর পরিদর্শনে বিদেশি কূটনীতিকরা, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি বাংলাদেশ দূত

লোকসমাজ ডেস্ক॥ বিদেশি কূটনীতিকদের ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ঘুরে দেখাচ্ছে দিল্লির বিদেশমন্ত্রক। দু’দিনের অফিসিয়াল সফরের প্রথম দিনে তারা কাশ্মীর পরিদর্শন করেছেন। আজ যাচ্ছে জম্মুতে। কূটনীতিকদের ওই দলে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। এর আগে ২০২০ সালে জানুয়ারিতে কূটনীতিকদের প্রথম অফিসিয়াল ট্রিপে কাশ্মীর পরিদর্শনে নিয়েছিল বিদেশমন্ত্রক। তখন অবশ্য বাংলাদেশ মিশনে হাই কমিশনারের পদটি শূণ্য ছিল। চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন বর্তমান উপ-হাইকমিশনার রকিবুল হক, তিনি সেই সফরে আমন্ত্রিত ছিলেন। বাংলাদেশ মিশন বলছে, মূলত আমেরিকাসহ পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিদের কাশ্মীর দর্শনের আয়োজনের ওই দলে বাংলাদেশি কূটনীতিক রকিবই ছিলেন দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি।
বাংলাদেশের জন্য সম্মানজনক এই আমন্ত্রণ বিষয়ে মিশনের দায়িত্বশীল প্রতিনিধিদের ভাষ্য হচ্ছে- কাশ্মীর ইস্যুতে দিল্লির কমিউনিকেশন বা আপডেট জানানোর ক্ষেত্রে বরাবরই বাংলাদেশকে এগিয়ে রাখে দিল্লি। আগের সফরটি ছিল আমেরিকা ফোকাস আর এবারে সফরটি মূলত ইউরোপ কেন্দ্রিক। বর্তমানে সফরে থাকা ওই দলে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম, স্পেন, ইতালি, সুইডেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ফ্রান্স, ফিনল্যান্ডসহ ২৪ দেশের প্রতিনিধি রয়েছেন। রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের পরিদর্শনের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়োজাহাজে করে বুধবার সকালে শ্রীনগর বিমানবন্দরে নামার পর বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। পরে প্রতিনিধিদের বাদগাম জেলাতে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো কূটনীতিক স্থানীয় লোকজনের সঙ্গে কথাও বলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের দ্বিখণ্ডীকরণ ও বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথম বিদেশি কূটনীতিকরা সেখানে যান সেই বছরের অক্টোবরে। সেই সফরে স্থান পেয়েছিলেন ইউরোপীয় পার্লামেন্টের ২৩ জন সদস্য, যাঁদের মধ্যে অতি দক্ষিণপন্থীদের আধিক্য ছিল। তবে ওই সফরটিকে অনেকটা আন-অফিসিয়াল সফর হিসেবেই বিবেচনা করা হয়।

ভাগ