লোকসমাজ ডেস্ক॥ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে, দেশটির নেতা কিম জং উনের স্ত্রী এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আবার জনসমক্ষে এসেছেন। কিম জং উনের প্রয়াত বাবা ও দেশটির সাবেক নেতা কিম জং ইলের জন্মবার্ষিকী উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানে কিমের স্ত্রী রি সল-জু স্বামীর সাথে যোগ দেন। অতীতে রি সল-জু বড় বড় অনুষ্ঠানগুলোতে প্রায়ই তার স্বামীর সাথে যোগ দিতেন, কিন্তু গত বছরের জানুয়ারি মাস থেকে তাকে আর বাইরে কোথাও দেখা যায়নি। তাকে বাইরে দেখা না যাওয়ার কারণে তার স্বাস্থ্য নিয়ে অথবা তিনি সন্তানসম্ভবা কি-না, তা নিয়ে নানাধরনের জল্পনা চলছিল।
জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির কংগ্রেসের সদস্যদের মঙ্গলবার খবর দিয়েছে, কোভিড-১৯ নিয়ে উদ্বেগের কারণে রি সল-জু বাইরে বেরুনো বন্ধ করে দিয়েছিলেন এবং সম্ভবত তিনি ঘরে সন্তানদের সাথে সময় কাটাচ্ছিলেন। তবে উত্তর কোরিয়া থেকে একজনেরও কোভিড-১৯ শনাক্ত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। দেশটি গত বছরের জানুয়ারি মাস থেকে সীমান্ত বন্ধ করে রেখেছে এবং জানিয়েছে, সেখানে কারো ভাইরাস সংক্রমণ হয়নি। যদিও বিশেষজ্ঞরা মনে করেন এটা অসম্ভব।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র রডং সিনমানে বলা হয়েছে, মঙ্গলবার মানসুডাই আর্ট থিয়েটার প্রেক্ষাগৃহে উপস্থিত জনতার ‘কানফাটানো হর্ষধ্বনি’র মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দেশটির নেতা কিম জং উন হলে ঢোকেন। ছবিতে দেখা যায়, এই দম্পতি হাসিমুখে অনুষ্ঠান দেখছেন। আরো দেখা যায়, কারোর মুখে মাস্ক নেই এবং কেউ সামাজিক দূরত্ব মেনে বসেননি। আমেরিকার সাবেক বাস্কেটবল তারকা খেলোয়াড় ডেনিস রডম্যান আগে একবার জানিয়েছিলেন, কিম জং উন এবং রি সল-জু তাদের একটি কন্যাসন্তানের নাম রেখেছেন ‘জু-আই’, এবং কিম একজন ‘ভালো বাবা’। মঙ্গলবার কিম জং উন দিনের প্রথম দিকে কুমুসান সূর্য প্রাসাদ পরিদর্শন করেন, যেখানে তার বাবা ও দাদাকে সমাহিত করা হয়েছিল। তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। কিমের বাবার জন্মদিবস উত্তর কোরিয়ায় ‘ডে অফ দ্য শাইনিং স্টার’ (উজ্জ্বল তারার দিবস) নামে পরিচিতি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আবার কিম জং উনকে দেশটির ‘প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করা হয়েছে। প্রথাগত ভাবে আগে সরকারিভাবে তাকে উল্লেখ করা হতো ‘চেয়ারম্যান’ হিসেবে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা প্রথমবারের মতো কিমকে প্রেসিডেন্ট বলে উল্লেখ করে। সাধারণত উত্তর কোরিয়ায় ‘প্রেসিডেন্ট’ শব্দটি ব্যবহার করা হয় দেশটির প্রতিষ্ঠাতা এবং কিম জং উনের দাদা কিম ইল সাংকে উল্লেখ করার ক্ষেত্রে। এই পদটি এতদিন শুধু তার জন্যই সুরক্ষিত ছিল।
রি সল-জু অবস্থাপন্ন অভিজাত পরিবারের মেয়ে। বিশ্লেষক চেয়ং সিওং-চাং জানাচ্ছেন, রি সল-জুর বাবা একজন অধ্যাপক এবং মা স্ত্রীরোগ চিকিৎসক। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রি সল-জুর বয়স ৩১ বছর এবং এক সময় তিনি ছিলেন উনহাসু অর্কেস্ট্রা দলের একজন গায়িকা। এটি দেশটির উচ্চমার্গের একটি সঙ্গীত দল, যেখানে অংশগ্রহণকারীদের বাছাই করে রাষ্ট্র। চেয়ং বলেন, ধারণা করা হয় ২০০৯ সালে কিমের সাথে তার বিয়ে হয়। কিমের প্রয়াত বাবা কিম জং-ইল ২০০৮ সালে স্ট্রোকে আক্রান্ত হবার পর খুব দ্রুত তিনি এই বিয়ের ব্যবস্থা করেছিলেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দেয়া খবর অনুযায়ী, কিম দম্পতির তিনটি সন্তান।
সূত্র : বিবিসি





