লোকসমাজ ডেস্ক॥ বিএনপি’র যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বানের স্রোতের মতো নেতাকর্মীরা আসছে। এই বানের স্রোতের মধ্যে ভেসে যাবে সরকারের সমস্ত আসর। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল চেষ্টাযর প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, আজকের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানে যে সকল নেতাকর্মীদেরকে আপনাদের পাশে বসিয়ে রেখেছে। তাদেরকে দয়া করে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষকে আটকে রেখে কিছু করতে পারবেন না।
বিএনপির এই নেতা বলেন, কাল সারারাতও ঘুমাতে পারিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাঁতভাঙ্গা জবাব দেবো। আমি সারাক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে রাখি। কখন দাঁতটা ভেঙে ফেলে। কিন্তু মুশকিল হচ্ছে দাঁত কোন জায়গায় ভাঙবেন? গতকাল ফেনীর, নোয়াখালীর আপনার নেতারা বলেছেন, আপনার ভাই কাদের মির্জা নাকি বিএনপি’র এজেন্ট। এখন ভাঙ্গেন দাঁত। পারলে ওখানে গিয়ে দাঁত ভাঙেন।
যুবদলের সাবেক সভাপতি বলেন, নোয়াখালীর নেতারা বলেছে ওবায়দুল কাদের পরিবার নাকি রাজাকারের বংশধর। তাদের দাঁত পারলে ভাঙেন। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত নাই। বেগম খালেদা জিয়া বন্দি। তারেক রহমান দেশের বাইরে। এই কারণে মনে করেছেন সুযোগ পেয়েছেন? না, সুযোগ পান নাই। দয়া করে মনে রাখবেন। বিএনপি হচ্ছে সেই গরম পানি, যেই গরম পানিতে নরম ডিমকে শক্ত করে। শক্ত আলুকে নরম করে। যা করা দরকার তাই করব ইনশাল্লাহ। যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম প্রমুখ।





