যশোর ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচন : শহিদ-নিবাস-ইব্রাহিম-নিশাদের সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ নিরঙ্কুশ জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন নির্বাচনে শহিদ-নিবাস-ইব্রাহিম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ১৪ পদের সব কয়টি পদে জয় পেয়েছে এই প্যানেলটি। এর আগে উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৪ ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে, নির্বাচনে শহিদ-নিবাস-ইব্রাহিম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ প্যানেল ভোট পেয়েছে ৩২টি। অপরদিকে ১৮টি প্যানেল ভোট পেয়েছেন মিন্টু-বাচ্চু-জাকিরের সমৃদ্ধ ও উন্নয়ন পরিষদ।
ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মির্জা আখিরুজ্জামান শান্টু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিবাস হালদার ৪৫ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার প্রতিন্দন্দ্বী প্রার্থী এবিএম সাহিদুল ইসলাম বাচ্চু পেয়েছেন ২৬ ভোট। এছাড়া সহ-সভাপতি শহিদুর রহমান (৪৪) ও ফশিয়ার রহমান (৪১) ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে অপর দুই প্রার্থী কাজী আনসারুল ইসলাম মিন্টু (২৯) ও তাজউদ্দিন (২৮) ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ইব্রাহীম হোসেন ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপর প্রার্থী হুমায়ন কবির পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সোহেল আল মামুন নিশাদ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। খুরশিদ মো. জাকির হোসেন পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন ইউসুফ দিলু ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাবু জোয়ার্দার পেয়েছেন ২৫ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন জয়নাল আবেদীন সর্বোচ্চ (৪৭), শামসুর রহমান (৪৩) আব্দুল হক (৪২), মাস্টার হাবিবুর রহমান (৪২), মোঃ মিজানুর রহমান (৪২), কাজী রাকিবুজ্জামান (৪২), আব্দুল বাসেত মল্লিক (৪২) ও মিজানুর রহমান (৪৩) ভোট পেয়ে জয় লাভ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে পুলিশ সুপার সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এই অ্যাসোসিয়েশনের সহসভাপতি। এদিকে, শহিদ-নিবাস-ইব্রাহিম-নিশাদের সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদের নিরঙ্কুশ বিজয় লাভ করায় শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, যশোর আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ভাগ