স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকায় মা পান্না বেগমকে (৫০) ছুরিকাঘাত করায় ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২০) গত বৃহস্পতিবার বিকেলে আটক করেছে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন ওই এলাকার পুতুলের বাড়ির ভাড়াটিয়া আব্দুল লতিফ সরদারের ছেলে।
পান্না বেগমের বোন আছিয়া বেগমের (৭০) অভিযোগ, তার বোন পান্না দীর্ঘদিন ধরে চোরমারা দিঘিরপাড় এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী আব্দুল লতিফ ঠিকমত ভরণপোষণ দেন না। পান্না তার ছেলে মামুন ও মেয়ে উর্মিকে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করে থাকেন। অপরদিকে আব্দুল লতিফ সরদার বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে থাকেন। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগে রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধারের এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে গোলাযোগ হয়। এরই এক পর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তার মাকে বেধড়ক মারধর করে এবং একটি চাকু দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে পান্না বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াই শ বেড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে চাঁচড়া ফাঁড়ির পুলিশ এসআই সাইদুর রহমান গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মাকে ছুরিকাঘাতের ঘটনায় মামুনকে আটক করেন।





