খয়েরতলায় পুলিশ কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক চুরি : ১৫দিন পর মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের নতুন খয়েরতলার ভাস্কর্যের মোড় এলাকায় পুলিশের একজন সাব-ইনসপেক্টরের বাড়িতে দুঃসাহসিক চুরির ১৫দিন পর শুক্রবার কোতয়ালি থানায় মামলা হয়েছে। আনিসুজ্জামান আনিস নামে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শামিমা নাসরিন এই মামলা করেছেন। শামীমা নাসরিন সাংবাদিকদের জানান, তার স্বামী আনিসুজ্জামান আনিস ঝিনাইদহের একটি পুলিশ ক্যাম্পে কর্মরত। যশোর শহরের নতুন খয়েরতলার ভাস্কর্যের মোড়ের সিঙ্গার শো-রুমের পেছনে তাদের একটি চারতলা বাড়ি আছে। ওই বাড়ির দ্বিতীয়তলা তিনি তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করেন। বাড়ির তৃতীয়তলা সেনাবাহিনীর এক সদস্য ভাড়া থাকেন। গত ২৮ জানুয়ারি তিনি বাড়ির দরজায় তালা লাগিয়ে পুরাতন কসবায় মামাতো বোনের বাড়িতে যান। পরদিন ২৯ জানুয়ারি সকালে তৃতীয়তলার ভাড়াটিয়া মোবাইল ফোন করে তাকে জানান, তার ঘরের দরজা খোলা। এ খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন এবং দেখতে পান, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাড়ির পেছনের অংশের অ্যাডজাস্টার ফ্যানও খোলা। ঘরের মধ্যে আলমারির তালা ভাঙা দেখতে পান। ওই আলমারিতে রাখা, ১০ ভরি সোনার অলঙ্কার, ৫ ভরি রূপার অলঙ্কার, একটি বাইসাইকেল এবং দলিলপত্র নেই। অজ্ঞাত চোর ঘরের ভেতর ঢুকে এসব চুরি করে নিয়ে গেছে।

ভাগ