ইবি সংবাদদাতা॥ করোনার মধ্যে বন্ধ ক্যাম্পাসে প্রশাসনের অনুমতি না নিয়ে সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকেই ভবনে ভিড় জমান। পরীক্ষায় ৯৩জন আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৯ শিক্ষার্থী অংশ নেন। ফলাফলে উত্তীর্ণ হয়েছে ৫৬ জন। করোনাকালীন সময়ে সান্ধ্য কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক মাহবুব বিন শাজাহান শুভ বলেন, বিশ^বিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিভাগে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। এরা অনেক দিন বসে আছে, অপেক্ষায় আছে। তখন ভিসি স্যারের সাথে মনে হয় জহুরুল স্যার কথা বলেছিলেন। এজন্য পরীক্ষা নিয়েছেন।
এদিকে ২০১৯ সালের সেপ্টেম্বরে সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থীর পরীক্ষা স্টোর রুমে নেয়া হয়েছিলো। পরিদর্শক ছাড়াই ওই শিক্ষার্থীর একদিনে তিনটি কোর্সের টানা নয় ঘন্টা পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছিলো বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুর বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিশ^বিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। একইসাথে তদন্ত কমিটি গঠন করেছিলো বিশ^বিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. জহুরুল ইসলামের সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি। বিষয়টি নিয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবহিত ছিলাম না। বিষয়টি জানার পর প্রক্টরের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে এসে বিষয়টি নিয়ে বিভাগের সাথে বসবো।





