ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর এলাকায় বৃহস্পতিবার রাতে রবি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সময় ৪ চোরকে একটি পিকআপ (খুলনা-মেট্রো ন-১১-১৮০৫) সহ এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর এলাকার সিরাজুল শেখ এর পুত্র মাসুম শেখ (২২), যশোরের অভয়নগর এলাকার বাগদা গ্রামের ইশারত আলী বিশ্বাসের পুত্র আক্কাছ বিশ্বাস (৩৩), দৌলতপুর কুলিবাগান এলাকার আব্দুল হক এর পুত্র মেহেদি হাসান (৩২) ও একই এলাকার মৃত মজিদ সিকদার এর পুত্র কামাল সিকদার (৩৫)। মোবাইল টাওয়ারের নিরাপত্তায় নিয়োজিত রফিকুল ইসলাম খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃতদের মধ্যে মাসুম শেখ এর নামে অভয়নগর থানায় চুরির মামলা রয়েছে । এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন যন্ত্রপাতিসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ।





