স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। গতকাল আরও ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট ৪ হাজার ৭শ’ ৮৫ জন আক্রান্ত হলেন। যশোর সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ দৈনন্দিন প্রতিবেদন থেকে জানা গেছে, সদরে ১৪ জন এবং অভয়নগরে ১ জন মিলে মোট ১৫ জন গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৮৩টি নমুন পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে ওই ৫ জন আক্রান্ত হন। এর আগেরদিন (১১ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হন ১০ জন। সব মিলে যশোর জেলায় মোট ৪ হাজার ৭শ’ ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ৪ হাজার ৫শ’ ৮৩ জন সুস্থ হয়েছেন। ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ১শ’ ৩৮ জন।
এদিকে, করোনায় আক্রান্তের পাশাপাশি চলছে করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য টিকা গ্রহণের পালা। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরে করোনা টিকা দেয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আজ এ টিকা গ্রহণ করবেন। যশের ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, তিনি (প্রতিমন্ত্রী) সকাল ১০টার দিকে হাসপাতালে আসবেন এবং টিকা গ্রহণ করবেন।





