বিক্ষোভে উত্তাল মিয়ানমার

লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩ গণতন্ত্রপন্থি। অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে এখন পর্যন্ত সবথেকে বড় বিক্ষোভ হয়েছে শুক্রবার। এতে যোগ দেন লাখো মানুষ। আন্দোলন থামাতে দেশজুড়ে নানা কড়াকড়ি আরোপ করেছে দেশটির সামরিক বাহিনী। তারমধ্যেও অং সান সুচির মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসেন তার সমর্থকরা। এ খবর দিয়েছে রয়টার্স।জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত ১লা ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে ৩৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে রয়েছে, সরকারি কর্মকর্তা, অধিকারকর্মী এবং বৌদ্ধ ধর্মীয় নেতারা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সন্দেহে অভিযোগ গঠন করা হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়েছে। এর আগে সামরিক জান্তা নেতা জেনারেল মিন অং হ্লাইং প্রথম জনসম্মুখে বিবৃতি প্রদান করেন। এতে তিনি সরকারি চাকরিজীবীদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানান। এরপরও শুক্রবার সহিংস বিক্ষোভ হয়েছে। মিয়ানমারের এক রেডক্রস কর্মকর্তা বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাওলামাইন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তিনজন আহত হয়। একজন নারীর তলপেটে গুলি লাগে। বাকি দুইজনের একজন গালে এবং অপরজন বাহুতে গুলিবিদ্ধ হয়। বিক্ষোভে আরও মানুষ যোগ দিচ্ছে বলেও জানান তিনি। রেডিও ফ্রি এশিয়ার সমপ্রচার করা ফুটেজে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করছে। বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশের দিকে পাথর ছুড়ে মারছে।

ভাগ