স্পোর্র্টস রিপোর্টার॥ রাত পোহালেই যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচনে বিগত টার্মের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এবিএম সাহিদুল ইসলাম বাচ্চু নতুন ৬ জন ও অভিজ্ঞ ৮ জনকে সাথে নিয়ে প্রার্থী হয়েছেন। প্যানেলের নাম দিয়েছেন মিন্টু-বাচ্চু-জাকির সমৃদ্ধ ও উন্নয়ন পরিষদ। এর বিপরীতে যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে এবারই প্রথম নিবাস হালদার প্রার্থী হয়েছেন। এ প্যানেলে সম্পাদক পদে তিনিসহ নতুন মুখ রয়েছেন ৮জন। নাম দিয়েছেন শহিদ-নিবাস-ইব্রাহীম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ। উভয়ে নির্বাচনে জয়ী হলে যশোরের ক্রীড়াঙ্গনে ফুটবল রেফারিদের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং খেলার মানবৃদ্ধিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
মিন্টু-বাচ্চু-জাকিরের নেতৃত্বে সমৃদ্ধ ও উন্নয়নের পরিষদের হয়ে এবার প্রথম নির্বাচন করছেন যুগ্ম সম্পাদক পদে হুমায়ন কবির, সদস্য পদে মশিয়ার রহমান, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, ফেরদৌস হাসান। অরপরদিকে শহিদ-নিবাস-ইব্রাহীম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদে এবার নতুন মুখ সহ-সভাপতি পদে ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক পদে নিবাস হালদার, সদস্য পদে আব্দুল হক, মাস্টার হাবিবুর রহমান, কাজী রাকিবুজ্জামান, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, আব্দুল বাসেত মল্লিক। শহিদ-নিবাস-ইব্রাহীম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদের নতুন মুখ সাধারণ সম্পাদক প্রার্থী নিবাস হালদার বলেন, ‘এই প্যানেল নির্বাচিত হলে একটি স্থায়ী অফিস করা হবে। এছাড়াও জবাবদিহিমূলক অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হবে। অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হবে। তৃণমূল পর্যায়ে রেফারিদের দক্ষতা বৃদ্ধি করা হবে। নতুন রেফারি তৈরি করা ও দক্ষ রেফারিদের সমবণ্টনের মাধ্যমে গেম পরিচালনা করা হবে। কর্মানুয়ায়ী রেফারিদের সম্মাননা এবং সকল সদস্যকে সমমূল্যায়ন করা হবে। শৃংখলাভঙ্গের কারণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায় রেফারিদের সহায়তা করা, অ্যাসোসিয়েশনের জন্য ফান্ড বৃদ্ধি এবং ফান্ডের টাকা এফডিআর করে রাখা এবং সেই টাকা অস্বচ্ছল রেফারিদের প্রদান করা হবে। এছাড়াও রেফারিদের কল্যাণে সকল কাজ তার পরিষদ করবে।’ মিন্টু-বাচ্চু-জাকিরের নেতৃত্বে সমৃদ্ধ ও উন্নয়নের পরিষদের নতুন সদস্য প্রার্থী ফেরদৌস হাসান বলেন, ‘পরিষদ থেকে নির্বাচিত হতে পারলে রেফারিদের জন্য উন্নয়নমূলক কাজ করবো। গতবারে দায়িত্ব থাকা রেফারিদের সাথে কাজ করেছি। এই অভিজ্ঞা দিয়ে কাজ করতে পারবো। পাশাপাশি নতুন রেফারি তৈরি জন্য কাজ করবো।’ উল্লেখ্য, আগামীকাল যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচন।




