মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে চেয়ারম্যান বাদশার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুর্বৃত্তদের হামলায় স্কুল ও কলেজের ৯ শিক্ষার্থীসহ ১১ জন আহত হয়েছে। আহতরা হল, ইউনিয়নের সোনাতলা গ্রামের উজ্জ্বল বিশ^াস (২৪), রুনু বিশ^াস(২০), পালেরখন্ড গ্রামের রুবেল হীরা (২১), কিরন বৈরাগী (২২), নাইম খান (২০), খনিরখন্ড গ্রামের ইরান খান (২০), ডুমুরিয়া গ্রামের আবুবকর খলিফা (১৭), শাওন খান (২৪), মেহেদী হাসান শেখ(২৪) ও ডুমুরিয়া গ্রামের স্কুল ছাত্র রব্বী খান (১৬) । তাদের মধ্যে ৫ জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নটিতে বিভিন্ন প্রার্থীদের ইতোমধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার ঘটনা ঘটছে।
হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল বিশ^াস জানান, মঙ্গলবার বিকেলে তারা সবাই মিলে সোনাতলা গ্রামের মাঠে ক্রিকেট খেলতে যায়। এসময় ডুমুরিয়া গ্রামের জনৈক মধু ও সোমাদ্দারখালী গ্রামের হাসান হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন মোটর সাইকেলযোগে এসে তাদের উপর অর্তকিতে হামলা ও মরপিট করে। এতে তার গুরুতর আহত হয়। বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাদশার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তাদের উপর এ হামলা করে। স্থানীয়রা ছুটে এলে তাদের সাথে বাকবিত-া বাধে পরে হামলাকারীরা পালিয়ে যায়। চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাদশা আহতদের হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেনের কাছে খোঁজ খবর নেন। থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।




