ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে সহপাঠীদের সাথে ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত ভাসমান সেতু দেখতে এসে সাঁতার কাটার সময় শোয়েব হাসান নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে ডুবুরিরা এসে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চেষ্টা চালিয়েও বাঁওড়ের পানির নিচে তার সন্ধ্যান পাননি। নিখোঁজ শোয়েব হাসান যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে যশোর পুলিশ লাইন এলাকার শাহিন হোসেনের ছেলে। যশোর পাইসাইন্স কেয়ার কোচিং সেন্টারের ছাত্র সাকিবুল হাসান জানান, কোচিং সেন্টার থেকে তারা মোট ১৯ জন শিার্থী বৃহস্পতিবার সকালে আসেন মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতু দেখতে। পরে তারা একটি ট্রলার ভাড়া করে বাওড়ে নামেন। ভাসমান সেতুর পাশে পৌঁছালে ট্রলার থেকে শোয়েব হাসান, তন্ময় ও রিফাত তিনবন্ধু সাঁতার কাটতে লাফ দেন বাওড়ের পানিতে। এর কিছুক্ষণ পর তন্ময় ও রিফাত তীরে উঠে আসলেও নিখোঁজ হয় শোয়েব। খবর পেয়ে দুপুরের দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের টিমলিডার শেখ আবদুল আজিম জানান, পরবর্তীতে খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বাওড়ে তল্লাশি চালিয়েও নিখোঁজ শোয়েব হাসানকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের সময় বাওড়ের আশপাশে হাজারো মানুষের ভীড় হয়। এ সময় জনতাকে সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে যোগদেন পুলিশ এবং এলাকাবাসী।

ভাগ