ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নৌপরিবহন মন্ত্রী আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে সংগঠনটির খানজাহান আলী থানা শাখায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিরোমণির খুলনা-যশোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূিচ পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান লিটন, সফিউল আজম খান ফিরোজ, শাহ হাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান এমপির একের পর এক আপত্তিকর, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দেশবাসীকে অপমান করেছেন বলে দাবি করেন। অনতি বিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।




