স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল কাস্টমসের সোনা চুরি মামলায় আটক সাবেক গোডাউন ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা আর্শাদ হোসাইনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক সিআইডি পুলিশের আবেদনের শুনানি শেষে তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিলো। আর্শাদ হোসাইন বরিশাল মেহেন্দীগঞ্জের অশ্বিকাপুর গ্রামের আজিজুল হকের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা। এরপর সেখানে থাকা ভোল্ট খুলে ১৯ কেজি ৩১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন।





