যশোর পৌরসভা নির্বাচন: মারুফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা, জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হল

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নের বৈধ ঘোষণার হাইকোর্টের আদেশের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন তার আইনজীবী। বৃহস্পতিবার সকালে মারুফুল ইসলামের পক্ষে যশোরের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের কাছে হাইকোর্টের আদেশের বিষয়ে আইনজীবী রিপোর্ট জমা দেন। অ্যাডভোকেট দেবাশীষ দাস বলেন, প্রাথমিকভাবে আমরা আইনজীবীর রিপোর্টটি জেলা প্রশাসকের কাছে দিয়েছি। আজ শুক্রবার হাইকোর্টে আদেশের মূল সার্টিফিকেট হাতে পাবো বলে আশা করছি। রিপোর্টটি হাতে পেলে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবো। এ বিষয়ে রাতে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নের বৈধতার বিষয়ে হাইকোর্টের তার আইনজীবীর একটি লিখিত রিপোর্ট পেয়েছি। তবে আদেশের মূল কপি এখনো পায়নি। গত ৪ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাচাইকালে ধানের শীষের প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। এরপর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করলেও সেখানে পূর্বের আদেশ বহাল রাখা হয়। পরে তিনি উচ্চ আদালতে রিট করলে বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

ভাগ