স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার সানতলা গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে মাদকের আসর থেকে আইনজীবীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত হাজারি লাল রায়ের ছেলে অনুপম রায় (৩১), মাদারডাঙ্গা গ্রামের আব্দুল মালেক মোড়লের ছেলে মুন্না হোসেন(২২), কেসমত সানতলার মৃত শহর আলী গাজীর ছেলে অ্যাড. মাহবুবুর রহমান (৪৭), মাদারডাঙ্গা গ্রামের অমল কৃষ্ণ রায়ের ছেলে প্রবীর রায় (৩২) ও মৃত মছির আলী সরদারের ছেলে মতিন সরদার (৩৪)।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কেশবপুরের ভেরচী অস্থায়ী পুলিশ ক্যাম্পের এসআই মঈনুর গোপন সূত্রে খবর পান যে, সানতলা গ্রামের পূর্বাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির একটি কক্ষে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য সেবন করছেন। এ খবর পেয়ে তিনি সেখানে অভিযান চালিয়ে উল্লিখিতদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ১ বোতল ফেনসিডিল, ৩ বোতল দেশি মদ, ৩শ মিলিলিটারের ১০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




