সেই দেলুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিক্ষোভ

লোকসমাজ ডেস্ক॥ ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফুলবাড়িয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফুলবাড়িয়া মার্কেটের সামনে বিক্ষোভ করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দেলুর সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে মার্কেটে প্রবেশ করে উচ্ছেদ হওয়া স্থানগুলো ফের দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ফিরোজের নেতৃত্বে ব্যবসায়ীরা বাধা দেন। এর আগে দেলুর লোকজন এসে ব্যবসায়ীদের কাছে প্রস্তাব করেন, সিটি করপোরেশন কর্তৃক ভেঙে দেয়া দোকানগুলো তারা আবার নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেবেন। এ জন্য তারা মেয়রের কাছ থেকে অনুমোদন নিয়ে আসবেন বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। দেলুর লোকজনের এমন প্রস্তাবের বিরোধিতা করে মার্কেটের অন্যান্য বৈধ ও উচ্ছেদ ব্যবসায়ীরা। তারা বলেন, এই মার্কেট নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। তারা আর বদনাম নিতে চান না। ভেঙে দেয়া দোকান দখল বা পুনর্নির্মাণ করতে দেয়া হবে না। এ সময় ব্যবসায়ীরা দেলুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে এক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে ইঙ্গিত করে বলেন, আমাদের বৈধতা দেবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। সেই টাকা কে নিয়েছে, আপনারা সবাই জানেন। আমি মার্কেটের সেক্রেটারি ফিরোজ উদ্দিনকে উদ্দেশ করে বলব, আপনি একদিন সময় করে আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি মিছিল করেন। আমরা সবাই সমাবেশ করে মিছিল নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নগর ভবনে যাব। তিনি আরও বলেন, আমরা মেয়রের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করব। যাতে মেয়র সাহেব আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেই টাকাটা তুলে দেন। আপনারা দলবদ্ধ থাকেন। একতার কাছে কোনো অপশক্তি কখনই টিকে থাকতে পারেনি, পারবেও না। সাধারণ সম্পাদক ফিরোজ সাংবাদিকদের বলেন, এই মার্কেটের অনেক দুর্নাম ছড়িয়েছে। আমরা আর এই দুর্নাম চাই না। আমরা চাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হোক। নতুন করে কোনো দখলদারকে আর যাতে কোনো সুযোগ দেয়া না হয়। জানতে চাওয়া হলে মার্কেট ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, আজ ওই মার্কেটে সমিতির কমিটি দেয়ার জন্য লোকজন খোঁজ-খবর নিচ্ছিলেন। এখন আগের মার্কেট কমিটির নেতারা বিষয়টিকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছেন।

ভাগ