বেগম খালেদা জিয়ার কারাবন্দির তিন বছরপূর্তিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি পালন

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর পূর্তিতে গতকাল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে, মিথ্যা মামলা সাজিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তিনি এতটাই অসুস্থ যে, কারও সাহায্য ছাড়া হাটতে পারেন না, ঠিকমতো খেতে পারেন না। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, আর্থ্রাইটিস বেড়ে গেছে। ৩টি বছর বিনা কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে।  ঢাকায় জাতীয় প্রেসকাবের সামনে বিএনপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে আল-জাজিরা টেলিভিশনে বাংলাদেশ নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই সরকারকে বলতে চাই, আপনারা প্রমাণ করুন আল-জাজিরায় যা কিছু আছে সব মিথ্যা। আমরা আপনাদের সমর্থন দেব।’ মির্জা আব্বাস বলেন, এটি হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছর। এই সময়ে আমি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। স্মরণ করছি আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা মুক্তিযোদ্ধা করেছি, দেশ স্বাধীন করেছি। এই কথা শোনার জন্য নয় যে বাংলাদেশে মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। এই কথা শোনার জন্য নয়, বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। এই কথা আমরা আর কখনো শুনতে চাইনা। আমরা এই সরকারকে বলতে চাই আপনারা দয়া করে প্রমাণ করুন আলজাজিরায় যা কিছু প্রকাশ হয়েছে তার সবকিছু মিথ্যা। আমরা আপনাদের সহযোগীতা করবো প্রমাণ করুন। খালি মুখে ফাঁকা বুলি দিলে চলবে না। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত ভাবে মা চেয়ে নিচ্ছি। আমরা এতই দুর্ভাগা, এতই বেআক্কেল যে আমরা তাদেরকে মুক্ত করার কোন ব্যবস্থা করতে পারেনি। তাই প্রিয় ভাইয়েরা শুধু একটি কথা বলতে চাই, খালেদা জিয়া সারাজীবন কারাগারে থাকবেন এমন কথাও নয়। আজকের এই মানববন্ধন প্রমাণ করেছে দিনে দিনে এই বন্ধন বড় হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির রাস্তা প্রশস্ত হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশ ফিরে আসবেন। ঢাকা মহানগর দণি বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু,বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
খুলনা ব্যুরো : খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্পূর্ণ বেআইনিভাবে, মিথ্যা মামলা সাজিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তিনি এতটাই অসুস্থ যে, কারও সাহায্য ছাড়া হাটতে পারেন না, ঠিকমতো খেতে পারেন না। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, আর্থ্রাইটিস বেড়ে গেছে। ৩টি বছর বিনা কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পূর্তিতে সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মঞ্জু আরও বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারকে বাধ্য করব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের সব অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এ হচ্ছে এখন আমাদের একমাত্র কাজ।’ এই সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসঙ্গে করতে হবে। কারণ এ সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি হবে না, খালেদা জিয়ার মুক্তিও হবে না। আর খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম খান জনি, শেখ সাদী, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, হেমায়েত হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।


সাতক্ষীরা: দুপুর ১টায় সাতক্ষীরা কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এ.বি.এম সেলিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম। বক্তব্য রাখেন সিনিয়র অ্যাড. সৈয়দ রেজওয়ান আলী, আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক অ্যাড. মোস্তফা জামান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আকবর আলী, অ্যাড. অসীম কুমার মন্ডল প্রমুখ। সমাবেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জোর দাবি জানান নেতৃবৃন্দ।


মেহেরপুর: বিএনপির চেয়ারপার্রসন বেগম খালেদা জিয়াকে তিন বছর অন্যায়ভাবে কারাবন্দিত্বের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ করে। গতকাল সোমবার ফেব্রুয়ারি সকালে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ. রহিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ. সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন আধিপত্যবাদী শক্তির দোসর লুটেরা ও কালোটাকার মালিকদের সেবাদাস বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার লক্ষ্যে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখেছে।

ভাগ