স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ দুটি কিডনিই নষ্ট হয়ে এখন মৃত্যুর প্রহর গুনছেন কলেজছাত্র ঝিনাইদহের আক্তারুল ইসলাম আফি। ঝিনাইদাহ সরকারি কেসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে পড়ে আফির। সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহাম্মদ আলী ও ডালিমুন নেছা দম্পত্তির ছেলে আফি।
পিতার আর্থিক সঙ্গতি না থাকায় শহরে টিউশনি করে পড়ালেখা করতেন আফি। এখন সব বন্ধ। মাঠে ছিল ৫ শতক জমি। তাও বন্ধক রেখে ডায়ালিসিস করা হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ জুন আক্তারুল ইসলাম আফি হঠাৎ বমি করতে থাকেন। চিকিৎসক তার দুটি কিডনি নষ্ট হওয়ার কথা জানান। প্রতিবেশী দাউদ বিশ্বাস জানান, তাঁর অসুস্থতার খবরে এলাকাবাসী মর্মাহত। এখন তার চিকিৎসায় সবাই এগিয়ে না আসলে তার পরিবারের পক্ষে দুটি কিডনি পরিবর্তন করা সম্ভব না। আফির বড় বোন ববিতা খাতুন জানান, কিডনি ফাউন্ডেশন তার দুটি কিডনি পরিবর্তনের কথা বলেছে। এ জন্য দরকার প্রায় ১৫ লাখ টাকা। ইতোমধ্যে পরিবারের সহায় সম্বল বিক্রি করে ৫ লাখ টাকা তারা ব্যয় করেছেন চিকিৎসায়। তিনি বলেন, আল্লাহ পাকের রহমত ও সবার প্রচেষ্টা ছাড়া আফির চিকিৎসা সম্ভব নয়। এ জন্য আর্থিক সহায়তা দরকার। আফিকে কেউ আর্থিক সহায়তা করতে চাইলে বিকাশ ও রকেট নং ০১৯৮০৫৮৭৩২৬ এবং নগদ অ্যাকাউন্ট নং ০১৭৮৩৬৫৮৬৮২ যোগাযোগ করতে পারেন।





