স্টাফ রিপোর্টার ॥ মনোনয়নপত্রের বৈধতা পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল খারিজের পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল ও যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু। দলের এই দুই নেতা জানান, যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা হয়। রোববার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মো. তমিজুল ইসলাম খান সেই আপিলের শুনানির পর তা খারিজ করে দেন। এই অবস্থায় দলের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। আগামীকাল বুধবার শুনানি হতে পারে বলে আশা করছেন তারা।
এর আগে মনোনয়নপত্রের বৈধতা যাচাইয়ের শুনানি রোববার জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। আপিল শুনানিতে মারুফুল ইসলামের পে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে অ্যাডভোকেট দেবাশীষ দাস, মোহাম্মদ আলী, আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু অংশ নেন। এসময় আইনজীবীরা জানান, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা পরিশোধ করেন মারুফুল ইসলাম। ২ ফেব্রুয়ারি তাদের প্রার্থী ‘টাকা পরিশোধ হয়েছে’ মর্মে চিঠি হাতে পান। তবে নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংক ওই ঋণ পরিশোধের চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। ব্যাংকের ওই চিঠি সংক্রান্ত জটিলতায় মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করতে শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করেন মারুফুল ইসলাম।





